ব্রাজিল-নরওয়ে লড়াই: অপ্টার পূর্বাভাসে এগিয়ে সেলেসাওরা

প্রকাশ:

বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও নরওয়ে। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচটি। একদিকে ফুটবলের পরাশক্তি ব্রাজিল, অন্যদিকে ইতিহাসে এখনো পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে অপরাজিত নরওয়ে—সব মিলিয়ে ম্যাচটিকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।

পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, দল দুটির চারবার মুখোমুখি লড়াইয়ের মধ্যে দুটিতে জয় পেয়েছে নরওয়ে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ, এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি ব্রাজিল। যদিও ২০০৬ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

তবে অতীতের পরিসংখ্যান ছাপিয়ে বর্তমান শক্তিমত্তা, স্কোয়াডের গভীরতা এবং বড় ম্যাচের অভিজ্ঞতা বিবেচনায় ব্রাজিলকেই এগিয়ে রাখছে ফুটবল বিশ্লেষকরা। অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। বিপরীতে নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ এবং ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৪ শতাংশ।

নকআউটের ফুটবল সবসময়ই অনিশ্চয়তার নামান্তর, যেখানে পরিসংখ্যানের চেয়ে মাঠের বাস্তবতাই বড় হয়ে ওঠে। নরওয়ের গোলমেশিন আর্লিং হ্যালান্ড এই ম্যাচের বড় ফ্যাক্টর হতে পারেন। তার ক্ষুরধার ফিনিশিং ব্রাজিলের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন