বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে প্যারাগুয়েকে। এই ম্যাচে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে প্যারাগুয়ের ফুলব্যাক হুয়ান হোসে কাসেরেসের ব্যক্তিগত লড়াই ছিল বেশ জমজমাট। ম্যাচ শেষে সেই উত্তপ্ত মুহূর্তের বিস্তারিত তুলে ধরেছেন কাসেরেস নিজেই।
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কাসেরেস জানান, এমবাপ্পেকে সামলাতে পুরো ম্যাচে তাকে বেশ বেগ পেতে হয়েছে। তিনি বলেন, ভাগ্য ভালো যে আমি সাইডের চেয়ে মাঝখানেই বেশি খেলেছিলাম। তাকে সবসময় কাছে আটকে রাখতে হয়েছিল, অন্যথায় সে আমাকে অনায়াসেই ছাড়িয়ে চলে যেত।
ম্যাচ চলাকালীন এমবাপ্পের সঙ্গে তার উত্তপ্ত বাদানুবাদ হয়েছিল বলেও জানান কাসেরেস। তিনি বলেন, এক পর্যায়ে এমবাপ্পে আমাকে উদ্দেশ্য করে বলে, ‘কী ব্যাপার? তুমি কি আমাকে চুমু খেতে চাও?’ আমি তখন হেসে উত্তর দিই, ‘বেশ, তাহলে যখন সুযোগ পাচ্ছ তখনই সেরে ফেলো।’
ম্যাচে জয়সূচক পেনাল্টি গোলটি করেন এমবাপ্পে। তবে প্যারাগুয়ের খেলার ধরন নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। তিনি বলেন, আমরা প্রমাণ করেছি যে আমরা কেবল সুন্দর ফুটবল খেলা দল নই। প্রয়োজনে নোংরা পথেও নামতে হলে আমরা নামব—এই ভাষার জন্য আমি দুঃখিত। আমরাও নোংরা ফুটবল খেলতে জানি এবং আজকের ম্যাচে আমরা জিতেছি, সেই দিক থেকেও আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।




