দিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতির সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একমত বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে 'শিকল ভাঙার জুলাই' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, 'শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অবস্থানও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।'
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে একটি তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। তিনি আরও বলেন, 'জুলাইয়ের যোদ্ধাদের আত্মত্যাগ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গত ১৭ বছরের নেতৃত্বের ফলেই বর্তমান সরকার গঠিত হয়েছে।'
এসময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘একটি স্বাধীন দেশকে বারবার শৃঙ্খলিত করার কারণে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে।’ ভবিষ্যতে যেন আর কেউ দেশকে শিকলে বাঁধতে না পারে, সে জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।





