যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে পাল্টা কঠোর পদক্ষেপ নিল চীন

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের একের পর এক বাণিজ্য ও প্রযুক্তি নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে অন্তত সাতটি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রমুখী ড্রোন ও সংশ্লিষ্ট প্রযুক্তির রপ্তানির ওপর নতুন করে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র চীনা টেলিকম অপারেটর, ল্যাবরেটরি, ড্রোন, রাউটার, সাবমেরিন কেবল, উন্নত রোবোটিক্স সরঞ্জাম এবং বিদ্যুৎ ইনভার্টারের ওপর ধারাবাহিক বিধিনিষেধ আরোপ করে আসছিল। এসব পদক্ষেপের জবাব দিতেই চীন পাল্টা এই ব্যবস্থা নিল। এছাড়া গত সপ্তাহে ৪০টিরও বেশি চীনা প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করায় বেইজিং তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

চীনের নতুন নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যারিজোনাভিত্তিক 'কমপ্লায়েন্স টেস্টিং এলএলসি' (Compliance Testing LLC)। বেইজিংয়ের অভিযোগ, এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের এমন কিছু পদক্ষেপে সহায়তা করেছে, যা চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর স্বার্থ ক্ষুণ্ন করেছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়া অন্যান্য মার্কিন প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে রয়েছে অ্যাপ্লায়েড ডিএনএ সায়েন্সেস (Applied DNA Sciences), স্ট্র্যাটাম রিজার্ভার (Stratum Reservoir), আলতানা টেকনোলজিস (Altana Technologies), রেসপন্সিবল বিজনেস অ্যালায়েন্স (Responsible Business Alliance), ভেরিতে গ্রুপ (Verité Group) এবং হিউম্যান রাইটস ইন চায়না (Human Rights in China)। চীনের দাবি, এসব প্রতিষ্ঠান শিনজিয়াং ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন করেছে।

চীন অন্তত ৭টি কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। সংগৃহীত ছবি

শেয়ার করুন