হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকার থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় জাহাজ ও এর নাবিকেরা নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের কুমজার উপকূলের কাছে এ ঘটনার খবর তারা পেয়েছে।
ইউকেএমটিও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘটনাটি ওমানের কুমজার থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটেছে। ট্যাংকারের মাস্টার জানিয়েছেন, প্রণালি অতিক্রম করার সময় তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে প্রাপ্ত প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ট্যাংকারটির নাবিকেরা নিরাপদ আছেন এবং জাহাজটিরও কোনো ক্ষতি হয়নি।
ইউকেএমটিও কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এছাড়া ঘটনার কারণ বা বিস্ফোরণের উৎস সম্পর্কে ইউকেএমটিও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।





