হরমুজ প্রণালিতে দুর্বল চুক্তির কারণে যুদ্ধের ঝুঁকি বাড়ছে: বিশ্লেষক

প্রকাশ:

ইরান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পেছনে একটি ‘অত্যন্ত দুর্বল সমঝোতা স্মারক’ (এমওইউ)-কে দায়ী করেছেন অস্ট্রিয়ার সাবেক প্রতিরক্ষা অ্যাটাশে ও নিরাপত্তা নীতি বিশ্লেষক উলফগ্যাং পুসটাই। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

পুসটাই জানান, হরমুজ প্রণালি নিয়ে বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা থাকলেও, বিষয়টি নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বর্তমানে মধ্যস্থতাকারী পক্ষগুলো অত্যন্ত দুর্বল এই সমঝোতা স্মারকের অস্পষ্ট বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করছে। তার মতে, এই দুর্বল চুক্তির কিছু শর্ত বাস্তবে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিরাপত্তা বিশ্লেষক উলফগ্যাং পুসটাই আরও উল্লেখ করেন, যদি ইরান ও ওমানের মধ্যকার চুক্তিতে কোনো ধরনের টোল আদায়ের বাধ্যবাধকতা না রেখে শুধু সামুদ্রিক সেবার জন্য ফি নেওয়ার ব্যবস্থা রাখা হয়, তবে যুক্তরাষ্ট্র তা মেনে নিতে পারে। কিন্তু ইরান যদি জাতিসংঘ কনভেনশনের সমুদ্র আইনবিরোধী উচ্চ হারের টোল বা বড় অঙ্কের ফি আরোপ করে, তবে যুক্তরাষ্ট্র সেই চুক্তি প্রত্যাখ্যান করবে।

পুসটাইয়ের মতে, এই বিষয়টি কেবল হরমুজ প্রণালির মধ্যেই সীমাবদ্ধ নয়। কারণ এই ধরনের ব্যবস্থা ভবিষ্যতে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথের ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হতে পারে। তিনি আরও যোগ করেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও, এটি বৃহত্তর সংঘাতের চূড়ান্ত সমাধান নয়।

শেয়ার করুন