ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে তারকাদের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে রম্য-তর্ক অনুষ্ঠান ‘টুইং GOAL–মাল’। প্রথম আলো ডটকমের আয়োজনে ১০ পর্বের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনি। আজ রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে এবং এটি প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে দেখা যাবে।
প্রতিটি পর্বে দুজন জনপ্রিয় তারকা অতিথি ফুটবলকেন্দ্রিক মজার ও ব্যতিক্রমী বিভিন্ন বিষয় নিয়ে মুখোমুখি তর্কে মাতবেন। পছন্দের দল, প্রিয় খেলোয়াড় এবং বিশ্বকাপের নানা ঘটনা নিয়ে আড্ডার পাশাপাশি এতে থাকবে হাস্যরস, যুক্তি ও পাল্টা যুক্তির লড়াই। অনুষ্ঠানে অংশ নেওয়া তারকাদের মধ্যে রয়েছেন অভিনয়শিল্পী খায়রুল বাসার, প্রার্থনা ফারদিন দিঘী, শরাফ আহমেদ জীবন, রাশেদ মামুন অপু, দিলরুবা দোয়েল, মুকিত জাকারিয়া, তানহা তাসনিয়া এবং উপস্থাপক নীল হুরেজাহান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা যেসব বিষয়ে নিজেদের পক্ষে-বিপক্ষে বিতর্ক করবেন তার মধ্যে রয়েছে: ম্যাচ জিততে পায়ের জোরই বেশি প্রয়োজন, তারকা খেলোয়াড় ছাড়া দল আলু ছাড়া কাচ্চির মতো, গোলকিপারের কারণেই দল জেতে, দল যার যার কিন্তু মেসি-রোনালদো সবার, ফ্যানদের ভালোবাসা দলের জয়ের ওপর নির্ভরশীল, ট্রফির সংখ্যার ভিত্তিতেই দলের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়, প্রতি বিশ্বকাপেই নতুন ‘সর্বকালের সেরা’ খেলোয়াড় উঠে আসে, আমরা সবাই ফুটবলের ‘হাইলাইটস ফ্যান’, হারের পর রেফারির ওপর দোষ চাপানো এবং বিশ্বকাপের পরেই সম্পর্কের সুখের বিষয়টি।
দর্শকদের জন্য প্রতিটি পর্বের শেষে কুইজের ব্যবস্থা থাকছে। সংশ্লিষ্ট ভিডিওর কমেন্ট বক্সে উত্তর দিতে হবে এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে প্রতি পর্বে একজন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার। এছাড়া একজন মেগা বিজয়ী পাবেন একটি স্মার্টফোন।




