নতুন প্রেম প্রকাশ্যে আনলেন শন মেন্ডেস, দিলেন আবেগঘন বার্তা

প্রকাশ:

দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের নতুন প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনলেন কানাডিয়ান পপ তারকা শন মেন্ডেস। ব্রাজিলিয়ান অভিনেত্রী ও মডেল ব্রুনা মারকেজিনের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এই গ্র্যামি মনোনীত শিল্পী।

মঙ্গলবার (৪ আগস্ট) ব্রুনার ৩১তম জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন শন মেন্ডেস। এই পোস্টের মাধ্যমেই প্রথমবারের মতো প্রেমিকার প্রতি নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালেন তিনি। পোস্টের শুরুতে শন লেখেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’ তিনি আরও বলেন, ‘তুমি যে ঘরে প্রবেশ করো, সেখানেই আলো ছড়িয়ে দাও। তুমি সবার জন্য মমতাময়ী একজন মানুষ। খুব বেশি আবেগপ্রবণ হতে চাই না, কিন্তু সত্যিই তুমি আমার জীবন বদলে দিয়েছ। তোমার জন্য আমি অনেক কৃতজ্ঞ।’ পোস্টের শেষাংশে পর্তুগিজ ভাষায় শন লেখেন, ‘আমি তোমাকে অনেক, অনেক, অনেক ভালোবাসি। আমরাও সবাই তোমাকে ভালোবাসি।’

শেয়ার করা ভিডিওগুলোর মধ্যে ব্রাজিলের রিও ডি জেনেইরোর ‘কাসা আমারেলা প্রোভিডেন্সিয়া’ নামের একটি শিশু সহায়তা কেন্দ্রের দৃশ্য রয়েছে। ভিডিওতে দেখা যায়, শিশুরা দৌড়ে এসে ব্রুনাকে জড়িয়ে ধরছে এবং তাদের সঙ্গে ব্রুনা গান ও নাচে অংশ নিচ্ছেন। এছাড়া জন্মদিন উপলক্ষে শিশুরা তাকে শুভেচ্ছাও জানায়। আরেকটি ভিডিওতে শন মেন্ডেসকে দুই শিশুর সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়। পোস্টের শেষ ছবিতে দেখা যায়, ব্রুনা তার পোষা কুকুরকে কোলে নিয়ে পোজ দিচ্ছেন। এছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতেও দুজনের একটি ছবি শেয়ার করেছেন শন।

পেজ সিক্স-এর তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর গত আট মাসে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে তাদের একাধিকবার একসঙ্গে দেখা গেলেও এতদিন কেউই সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। এর আগে গায়িকা ক্যামিলা কাবেলোর সঙ্গে ২০১৯ সালে শনের সম্পর্ক শুরু হয়, যা ২০২১ সালে ভেঙে যায়। ২০২৩ সালে তারা আবারও কিছু সময়ের জন্য কাছাকাছি এলেও সম্পর্কটি স্থায়ী হয়নি। একই বছর অভিনেত্রী সাবরিনা কার্পেন্টারের সঙ্গেও শনের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক কনসার্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার সময় শন জানিয়েছিলেন, সম্পর্কের শুরুতেই কাউকে ‘জীবনের একমাত্র মানুষ’ হিসেবে ভাবার চাপ নেওয়া ঠিক নয়। বরং যে মুহূর্তে যতটুকু ভালোবাসা পাওয়া যায়, সেটি উপভোগ করাই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে জন্মদিনের এই আবেগঘন বার্তার মাধ্যমে ব্রুনা মারকেজিনের সঙ্গে নিজের সম্পর্কের কথা বিশ্ববাসীকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন জনপ্রিয় এই গায়ক।

শেয়ার করুন