কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়াকে দলে টানতে আগ্রহী ব্রাজিলের দুই ক্লাব

প্রকাশ:

বিশ্বকাপের মঞ্চে গোলকিপিংয়ে অসাধারণ নৈপূণ্য প্রদর্শন করা কেপ ভার্দের কিংবদন্তি গোলরক্ষক ভোজিনিয়াকে নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে জল্পনা। বর্তমানে এই অভিজ্ঞ খেলোয়াড়কে নিজেদের দলে ভেড়াতে সরাসরি তৎপরতা চালাচ্ছে ব্রাজিলের দুটি ক্লাব। ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর দেওয়া তথ্যানুযায়ী, ক্লাব দুটি হলো আভাই এবং আতলেতিকো গোইয়ানিয়েন্সে।

৪০ বছর বয়সী ভোজিনিয়া বর্তমানে একজন ফ্রি এজেন্ট। সম্প্রতি পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি চাভেসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ক্লাবহীন এই গোলরক্ষকের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে আভাই ও আতলেতিকো গোইয়ানিয়েন্সে। এর ফলে আগামী মৌসুমে তাকে ব্রাজিলের ফুটবল লিগে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে কেপ ভার্দে জাতীয় দলের নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসা ভোজিনিয়া তার ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য হিসেবে কোন ক্লাবকে বেছে নেন, এখন সেটাই দেখার বিষয়। শেষ পর্যন্ত আভাই, আতলেতিকো গোইয়ানিয়েন্সে নাকি অন্য কোনো ক্লাবের জার্সিতে তাকে দেখা যাবে, তা জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষায় থাকতে হবে।

শেয়ার করুন