যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ৭ হাজার একরজুড়ে ছড়িয়ে পড়েছে। অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকায় তিনটি বড় দাবানলের তাণ্ডবে সাত শতাধিক বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে স্পোকেন এলাকার প্রায় ৬৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন। পরিস্থিতির ভয়াবহ অবনতি হওয়ায় ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন শনিবার অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
শুষ্ক আবহাওয়া ও প্রবল দমকা হাওয়ার কারণে দমকল বাহিনীর জন্য আগুন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। স্পোকেন ও এর আশপাশের এলাকায় প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল অর্থাৎ প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। স্থানীয় ভিডিওচিত্রে দেখা গেছে, আবাসিক এলাকার ওপর ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং অনেক বাড়িঘর পুড়ে গিয়ে শুধু চিমনি দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে স্পোকেন এলাকায় ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার—এই তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে।
মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী কয়েক দিন খুবই কঠিন হবে এবং তারা এখনো বিপদমুক্ত নন। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহজুড়ে সেখানে শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় থাকবে এবং বুধবার তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট বা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। বজ্রপাত থেকেই এই দাবানলের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন কর্মকর্তারা। জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটনের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি উল্লেখ করে বিশেষ দাবানল সতর্কতা জারি করেছে।
ওয়াশিংটনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অন্যান্য অঙ্গরাজ্যেও একাধিক দাবানল জ্বলছে। পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনে টানা দশম দিনের মতো বুলডোজার ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সেখানে প্রায় ৫২৫ বর্গমাইল অর্থাৎ ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে। গবাদিপশুর খামারের জন্য পরিচিত ওই অঞ্চলে ৭০০টির বেশি বাড়ি এবং আরও প্রায় ৮০০টি স্থাপনা হুমকির মুখে রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিংটনজুড়ে এখন পর্যন্ত ৭ হাজারের বেশি এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। পাশাপাশি উটাহ, মন্টানা ও পশ্চিম নেব্রাস্কার কিছু এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকির সতর্কতা এবং অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাডার দক্ষিণাঞ্চল ও উত্তর মন্টানায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পুরো অঙ্গরাজ্যে বায়ুর মান নিয়েও সতর্কতা জারি করা হয়েছে।





