ব্রাজিল-নরওয়ে ম্যাচের ভবিষ্যদ্বাণী করল ‘গণক’ বিড়াল মিলু

প্রকাশ:

বিশ্বকাপ ফুটবলের চলতি আসরে ব্রাজিলের প্রতিটি ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় উঠে এসেছে ‘মিলু’ নামের একটি বিড়াল। এবার শেষ ষোলোর লড়াইয়ে কার্লো আনচেলত্তির ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। বাংলাদেশ সময় আজ রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে ব্রাজিলের জয় হবে বলে ভবিষ্যদ্বাণী করেছে মিলু। ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের আগুয়ানিল পৌর শহরে বাস করা এই বিড়ালের মালিক নাথান পিনেইরা।

বিশ্বকাপের শুরু থেকেই মিলুর ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র তথ্য অনুযায়ী, ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে করা মিলুর ভবিষ্যদ্বাণীর ভিডিওটি এরই মধ্যে ৫৫ লাখবার দেখা হয়েছে। মিলুর ভবিষ্যদ্বাণী করার পদ্ধতি সম্পর্কে নাথান পিনেইরা জানান, তিনি দুটি একই রকম প্লাস্টিকের বাটিতে খাবার রাখেন এবং সেগুলোতে ম্যাচ খেলতে যাওয়া দুই দেশের পতাকা লাগিয়ে দেন। এরপর মিলু যে বাটিটি বেছে নেয়, সেই দেশই জয়ী হবে বলে ধরা হয়।

এর আগে আর্জেন্টিনার ম্যাচে মিলুর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছিল, যেখানে সে কেপ ভার্দের জয় দেখেছিল। তবে ব্রাজিলের ম্যাচের ক্ষেত্রে মিলুর সাফল্যের হার এখন পর্যন্ত শতভাগ। জাপান ম্যাচ পর্যন্ত ব্রাজিলের জয়ের ব্যাপারে তার করা সব ভবিষ্যদ্বাণী সঠিক ছিল। এছাড়া মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ড্র এবং হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের ভবিষ্যদ্বাণীও হুবহু মিলে গেছে।

ভবিষ্যদ্বাণী প্রক্রিয়ায় কোনো কারসাজি করা হয় কি না, এমন সমালোচনার জবাবে নাথান একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন কীভাবে ক্যামেরা সেট করা হয় এবং মিলু কীভাবে নিজের পছন্দ বেছে নেয়। ২০২২ কাতার বিশ্বকাপেও মিলু স্পেনের বিপক্ষে মরক্কোর জয় এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে দলটির সেমিফাইনালে ওঠার মতো চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করেছিল। এছাড়া রিয়েলিটি শো ‘বিগ ব্রাদার ব্রাজিল’ এবং ২০২৩ সালের কোপা দো ব্রাসিলে সাও পাওলোর চ্যাম্পিয়ন হওয়ার বিষয়েও মিলুর ভবিষ্যদ্বাণী সঠিক প্রমাণিত হয়েছিল। অনুসারীদের জন্য নাথান এখন এই প্রক্রিয়ার কোনো কাটছাঁট না করা ভিডিও প্রকাশের পরিকল্পনা করেছেন।

শেষ ৩২ দলের রাউন্ডে কেপ ভার্দে ও আর্জেন্টিনা ম্যাচে আফ্রিকান দলটির জয় দেখেছিল মিলু।সেটা হয়নি।

৩-২ গোলের জয়ে আর্জেন্টিনা উঠেছে বিশ্বকাপের শেষ ষোলোয়।

শেয়ার করুন