গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউ-টার্ন এলাকায় একটি প্রাইভেটকার ও শিক্ষার্থীদের বহনকারী একাডেমিক ভ্যানের সংঘর্ষে নবম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে জৈনা বাজারের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে উভয় যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ওই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী, সংশ্লিষ্ট ব্যক্তি ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির মাওনা শাখার শিক্ষার্থী বহনকারী ভ্যানটি শিশুতোষ বিদ্যাঘরের সামনে থেকে দুই শিক্ষার্থীকে নিয়ে ইউ-টার্নের দিকে যাচ্ছিল। ভ্যানটিতে শিক্ষার্থীদের পাশাপাশি একজন অভিভাবকও উপস্থিত ছিলেন। ভ্যানচালক শফিক জানান, দুর্ঘটনার সময় তিনি শিক্ষার্থীদের নিয়ে ইউ-টার্নের দিকে যাচ্ছিলেন। এতে নবম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
প্রাইভেটকারচালক নাহিদুল ইসলাম বাবু জানান, তিনি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। জৈনা বাজার ইউ-টার্নের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শিক্ষার্থীবাহী ভ্যানটি হঠাৎ উল্টো পথে চলে আসে। তার দাবি, ভ্যানটি রং সাইডে থাকায় দুর্ঘটনা এড়ানোর কোনো সুযোগ ছিল না। এছাড়া বাম পাশে একটি ট্রাক থাকায় গাড়ি সরানোরও জায়গা ছিল না। এই সংঘর্ষে তার প্রাইভেটকারের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, প্রাথমিকভাবে দেখা গেছে শিক্ষার্থীবাহী ভ্যানটি উল্টো পথে চলছিল, যার ফলে প্রাইভেটকারটির ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তবে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছালে বিষয়টি সে অনুযায়ী নিষ্পত্তি করা হবে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলের বিষয়টি খতিয়ে দেখেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলতে চালকদের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জৈনা বাজার ইউ-টার্ন এলাকায় দীর্ঘদিন ধরেই রং সাইডে যানবাহন চলাচল, অনিয়ন্ত্রিত ইউ-টার্ন এবং অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা এই এলাকায় স্থায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিয়মিত নজরদারি এবং আইন প্রয়োগ আরও জোরদারের দাবি জানিয়েছেন।





