গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার কিছু বিষয়ে নিজের মতপার্থক্য থাকার কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে সাম্প্রতিক একটি চুক্তির বিষয়ে ট্রাম্পের অবস্থানের সঙ্গে তার মতের মিল নেই বলে তিনি খোলাখুলি স্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’–এর প্রধান দূত নিকোলাই ম্লাদেনভের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু এ বিষয়ে কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, গাজার পুনর্গঠন প্রক্রিয়া শুরুর আগে হামাসকে নিরস্ত্র এবং এলাকাটিকে সামরিকীকরণমুক্ত করা অপরিহার্য।
এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষে একটি ‘ঐতিহাসিক’ সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দিয়েছিলেন। ওই পরিকল্পনায় হামাসের অস্ত্র ত্যাগ এবং যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্ত ছিল। আল–জাজিরার তথ্য অনুযায়ী, চুক্তির নথিতে সেনা প্রত্যাহারের সঙ্গে ধাপে ধাপে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি যুক্ত করা হয়েছিল।
তবে ইসরাইলের পক্ষ থেকে এই পরিকল্পনায় আপত্তি তোলার পর ‘বোর্ড অব পিস’ জানিয়েছে, ইসরাইলি সেনা প্রত্যাহারের আগেই হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ সম্পন্ন করতে হবে। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে হামাসের অস্ত্র সমর্পণ এবং ইসরাইলি সেনা প্রত্যাহার—এই দুটি বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখা হচ্ছে, যদিও এ নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের অবস্থানে স্পষ্ট পার্থক্য রয়েছে।





