আগামী ৫ই আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সারা দেশে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী, চোরাগোপ্তা হামলা, বোমাবাজি, গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনে হামলার পরিকল্পনা করা হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা যাচাইয়ের জন্য নাশকতাকারীরা ছোট ছোট ঘটনার মাধ্যমে বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়ে থাকে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সাঁড়াশি অভিযান শুরুর নির্দেশ দেয়া হয়েছে।
গত এক সপ্তাহে ঢাকা ও সাভারের আশুলিয়া থেকে দুটি শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। গত ২৪শে জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচতলায় জেনারেটর রুমের পাশে একটি ছাতার ভেতর থেকে আইইডি প্রকৃতির বোমা উদ্ধার করা হয়, যা নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিষ্ক্রিয় করা হয়। ৩১শে জুলাই আশুলিয়ার খেজুরবাগান এলাকায় একটি মুদি দোকানের সামনে থেকে প্রেসার কুকার আকৃতির বোমা উদ্ধার করে সিটিটিসি ইউনিট। এছাড়া ১লা আগস্ট মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে সন্দেহজনক ব্যাগ ও বস্তা ঘিরে আতঙ্ক ছড়ায়, তবে পরীক্ষায় সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। গতকাল বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। আহতরা হলেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও নাতি ফাহিম। সকাল ৬টায় বাড়ির পাশে থাকা বালুর বস্তার মধ্যে বোমাটি বিস্ফোরিত হয়।
গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অবরোধের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। এছাড়া শ্রমিকদের ভুল বুঝিয়ে বা জোরপূর্বক মিছিলে নামানো, গাজীপুর ও টঙ্গীর মতো ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় গোপন আস্তানা তৈরি এবং সামাজিক বা রাজনৈতিক ব্যানারে আকস্মিক শোডাউন দেয়ার অপচেষ্টা হতে পারে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সদস্যদের বাড়তি সতর্কতার নির্দেশনা দেয়া হয়েছে মূলত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে। তিনি জানান, পুলিশের নিজেদের নিরাপত্তাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং সিনিয়র কর্মকর্তাদের তদারকিতে মাঠপর্যায়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৫ই আগস্ট ঘিরে নাশকতার বড় কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত দল ও মাফিয়া শক্তি বিদেশ থেকে মাঝে মাঝে উঁকিঝুঁকি দিলেও তাদের বড় ধরনের তৎপরতা নেই। তিনি পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা প্রসঙ্গে বলেন, এটি পুলিশের স্বাভাবিক নিয়মিত চর্চার অংশ। কোনো যানবাহন যেন অরক্ষিত না থাকে এবং পুলিশ সদস্যরা যেন একত্রে চা খেতে বা বিশ্রাম নিতে গিয়ে দায়িত্ব অবহেলা না করেন, সেজন্যই এই সাধারণ নির্দেশনা দেয়া হয়েছে।





