ঢাকার কেরানীগঞ্জে রাসায়নিক কারখানার আড়ালে ইয়াবা তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। গত সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরি সড়ক এলাকার মদিনা কমপ্লেক্সে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। অভিযানে কারখানার মালিক নাসির হোসেনকে (৪০) হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নাজমুল হাসান সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামে এক মাদক কারবারিকে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই দক্ষিণ কেরানীগঞ্জের মদিনানগর এলাকার মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত 'নাছির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি.' নামক কারখানায় এই অভিযান চালানো হয়। সেখান থেকে ১৯ হাজার পিস প্রস্তুত ইয়াবা এবং মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাসির হোসেন স্বীকার করেছেন যে, তিনি গত ১০ বছর ধরে রাসায়নিক কারখানার আড়ালে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। নিজেকে ইয়াবা তৈরিতে দক্ষ কারিগর ও কেমিস্ট হিসেবে দাবি করা নাসির কারখানাটি কিনে গোপনে মাদক উৎপাদন করতেন এবং রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করতেন। র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।





