মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের আভাস

প্রকাশ:

বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে মিশরের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই লড়াইকে সামনে রেখে দলের রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে একটি করে মোট তিনটি পরিবর্তন আনার বিষয়ে ভাবছেন কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে খেলা একাদশকে ভিত্তি ধরেই এই পরিবর্তনগুলো আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার আক্রমণভাগের সমন্বয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। গোড়ালির চোটে পড়া হুলিয়ান আলভারেজ পুরোপুরি ফিট না হওয়ায় তাকে নিয়ে এখনো অপেক্ষা করছে কোচিং স্টাফ। যদি শেষ পর্যন্ত আলভারেজ প্রস্তুত হতে না পারেন, তবে লাউতারো মার্টিনেজ মেসির সাথে আক্রমণভাগে দায়িত্ব পালন করতে পারেন। এছাড়া নিকোলাস গঞ্জালেসকেও পরিকল্পনায় রেখেছেন কোচ; তাকে একাদশে নিলে থিয়াগো আলমাডাকে বেঞ্চে বসতে হতে পারে। গঞ্জালেসের গতি ও প্রেসিং ক্ষমতা দলের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসতে পারে।

মাঝমাঠে ভারসাম্য ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে ফেরানোর সম্ভাবনা রয়েছে। তাকে দলে নিলে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলার সুযোগ পাবেন, যা দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে।

সবকিছু চূড়ান্ত হবে খেলোয়াড়দের শেষ মুহূর্তের ফিটনেস পরীক্ষার পর। স্কালোনি বড় ধরনের কোনো চমক না দিলেও কৌশলের প্রয়োজনে এই পরিবর্তনগুলো আনতে পারেন। আগামী মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় লিওনেল মেসি ও মোহামেদ সালাহর মধ্যকার এই হাইভোল্টেজ দ্বৈরথ মাঠে গড়াবে।

শেয়ার করুন