বিশ্বজুড়ে উন্মোচনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গুগল আর্থের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ছবি তৈরির ফিচারটি বন্ধ করে দিয়েছে গুগল। স্যাটেলাইট ছবিতে কৃত্রিমভাবে তৈরি দৃশ্য যুক্ত করার মাধ্যমে ভুল তথ্য ও অপপ্রচার ছড়ানোর ঝুঁকি তৈরি হওয়ায় প্রযুক্তি প্রতিষ্ঠানটি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ব্যবহারকারীরা এই ফিচারের মাধ্যমে বাস্তব স্যাটেলাইট ছবিতে বিভিন্ন কাল্পনিক ঘটনা যুক্ত করার সুযোগ পাচ্ছিলেন।
গত ৩১ জুলাই গুগল এক বিবৃতিতে জানিয়েছে, ভূ-স্থানিক (জিওস্পেশাল) পেশাজীবীরা ইতিবাচক কাজে ফিচারটি ব্যবহার করলেও, এমন কিছু স্ক্রিনশট পাওয়া গেছে যা তাদের নীতিমালা লঙ্ঘন করেছে। গুগল স্পষ্ট করেছে যে, আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত তারা এই ফিচারটি গুগল আর্থ থেকে সরিয়ে নিচ্ছে।
এর আগে ৩০ জুলাই গুগল জানিয়েছিল, নতুন এই টুলটি শিক্ষার্থীদের ইতিহাসভিত্তিক দৃশ্য কল্পনা করা, রিয়েল এস্টেট বিপণন এবং বিভিন্ন সৃজনশীল কাজে সহায়তা করবে। গুগল আর্থের পণ্য ব্যবস্থাপক ব্রায়ান হোরোভিটজ জানিয়েছিলেন, ব্যবহারকারীরা স্যাটেলাইট, আকাশ থেকে তোলা ও থ্রিডি ছবির ওপর 'ন্যানো বানানা' এআই মডেল ব্যবহার করে পছন্দমতো ছবি তৈরি করতে পারবেন। গুগল আর্থে জুম করে 'ক্রিয়েট ইমেজ' অপশনে গিয়ে নির্দেশনা দিলেই এআই ছবি তৈরি করে দিত।
তবে ফিচারটি চালুর পরপরই তথ্য যাচাইকারী ও ওপেন-সোর্স গোয়েন্দা বিশ্লেষকদের (ওএসআইএনটি) মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়। তাদের মতে, স্যাটেলাইট ছবি যুদ্ধ, দুর্যোগ ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুত্বপূর্ণ ঘটনার নির্ভরযোগ্য উৎস। সেখানে এআই দিয়ে কৃত্রিম দৃশ্য যোগ করার সুযোগ অপতথ্য ছড়ানোর নতুন পথ খুলে দিয়েছে। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ইভান হিল মন্তব্য করেন, এই প্রযুক্তির অপব্যবহারের সুযোগ ছিল সীমাহীন। এছাড়া ওপেন-সোর্স গবেষক হেনক ভ্যান এস দাবি করেন, তিনি মেক্সিকো সীমান্তে শরণার্থী, ইরানের পারমাণবিক স্থাপনা, আমস্টারডামে বিমান দুর্ঘটনা এবং গাজার হাসপাতালে বোমা হামলার গর্তের মতো বিভিন্ন ভুয়া দৃশ্য তৈরি করতে সক্ষম হয়েছেন, যা গুগল কোনো বাধা ছাড়াই গ্রহণ করেছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এই টুলের ঝুঁকি তুলে ধরেছে। ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) ইরানে অগ্নিকাণ্ড ও ওয়াশিংটন ডিসিতে বন্যার ছবি প্রকাশ করেছে। অন্যদিকে বিবিসি আইফেল টাওয়ার ধসে পড়া এবং গিজার পিরামিড বিলীন হওয়ার কাল্পনিক ছবি প্রকাশ করে এর ভয়াবহতা দেখিয়েছে। গুগলের দাবি, এসব ছবি মূল মানচিত্রে প্রদর্শিত হচ্ছিল না এবং প্রতিটি ছবিতে এআই-নির্মিত জলছাপ যুক্ত ছিল। ২০০৫ সালে যাত্রা শুরু করা গুগল আর্থ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা স্যাটেলাইট ও থ্রিডি ছবির মাধ্যমে বিশ্ব ঘুরে দেখেন, যা নিয়মিত বিরতিতে হালনাগাদ করা হয়।





