মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে। সোমবার থেকে এই আলোচনা প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। পরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণার পরপরই তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার এয়ার ফোর্স ওয়ান বিমানে থাকা সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি ইরান বা দেশটির সঙ্গে যেকোনো চুক্তির বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চান না। তিনি বলেন, দেখা যাক কী হয়, তবে আমি মানুষ হত্যা করতে চাই না এবং যখনই প্রয়োজন হবে তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছি।
ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি নিয়ে ইতিমধ্যে একটি সমঝোতা হয়েছে এবং তিনি আশাবাদী যে ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও চুক্তি সম্ভব হবে। তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী অভিযান বাতিল করেছেন। এই দেশগুলো তাকে চুক্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিল বলে তিনি উল্লেখ করেন।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছিলেন, ইরান ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। কারণ সমঝোতার মৌলিক সীমারেখা নিয়ে ইতোমধ্যেই একটি ঐকমত্য তৈরি হয়েছে। আলজাজিরার তথ্যমতে, মধ্যস্থতাকারীরা তেহরান যেতে প্রস্তুত রয়েছেন এবং সেখানে একটি পরোক্ষ আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর আগেও ট্রাম্প আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসানের কথা বললেও বারবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।





