দীর্ঘদিন নিস্তব্ধ থাকার পর আবারও প্রাণ ফিরে পেল মাদারীপুর জেলা স্টেডিয়াম। গত শনিবার (৪ জুলাই) বিকেলে আয়োজিত ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়াম চত্বর হাজারো দর্শকের পদচারণা, করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। বিকেল গড়াতেই জেলার বিভিন্ন উপজেলা থেকে ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে সমবেত হন এবং একসময় গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কুলপদ্দী মডেল ক্লাব ও চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্ধারিত ৭০ মিনিটের ম্যাচের প্রথমার্ধে করা একমাত্র গোলের সুবাদে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কুলপদ্দী মডেল ক্লাব। গোল হজমের পর চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব একের পর এক আক্রমণ চালালেও সমতায় ফিরতে ব্যর্থ হয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কুলপদ্দী মডেল ক্লাবের খেলোয়াড় ও সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে এই ম্যাচটি দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি বলেন, ক্রীড়াচর্চা তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন নিয়মিত হলে জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডা. মো. গোলাম সারোয়ার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মর্তুজা আলম ঢালী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ এবং মো. হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক কমিটির আহ্বায়ক মর্তুজা আলম ঢালী জানান, জেলার ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, নতুন প্রজন্মকে মাঠমুখী করা এবং দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করাই ছিল এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।




