নাশকতা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ:

আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য নাশকতা ঠেকাতে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগ পাওয়া এবং তা নিয়ে সৃষ্ট বোমা আতঙ্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বশেষ উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলোতে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। তাই এ নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং রাজধানীর মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি জানান। এসব ঘটনার পেছনে কারা জড়িত বা কারা ইন্ধন দিচ্ছে, তা সংশ্লিষ্ট সংস্থাগুলো গুরুত্বের সাথে তদন্ত করছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ থেকে ছয় মাসের অপরাধপ্রবণতার পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, নাশকতা ও এ ধরনের অপরাধের ঘটনা তুলনামূলকভাবে কমেছে। বর্তমান পরিস্থিতি উদ্বেগের পর্যায়ে নেই। জননিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, জননিরাপত্তার স্বার্থে কোথাও পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক কোনো বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সেগুলো পরীক্ষা করে থাকে।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

শেয়ার করুন