ইরানে পরিকল্পিত সামরিক হামলা বাতিলের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

প্রকাশ:

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প দাবি করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের বিরুদ্ধে নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাকে এই হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তিনি জানান, একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হওয়ার প্রেক্ষিতেই এই অনুরোধ জানানো হয়েছে।

প্রস্তাবিত এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর লক্ষ্য রয়েছে। ট্রাম্পের ভাষ্যমতে, বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থেই তিনি এই হামলা বাতিলের সিদ্ধান্তে সম্মত হয়েছেন। তবে এর প্রধান শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন করতে হবে। এছাড়া, ইসরাইলও তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে বলে ট্রাম্প দাবি করেছেন।

শেয়ার করুন