গ্লাসগো থেকে ভারতের হাতে কমনওয়েলথ গেমসের পতাকা

প্রকাশ:

গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের পর্দা নামার অপেক্ষায় থাকলেও, পরবর্তী আসরের উত্তাপ ইতিমধ্যে অনুভূত হতে শুরু করেছে। ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজক দেশ হিসেবে ভারত গ্লাসগোতে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও প্রস্তুতির প্রথম ঝলক প্রদর্শন করেছে। এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিল গুজরাটের বিশ্বখ্যাত উত্তরায়ণ আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। জন স্ট্রিটে গ্লাসগো ইন্ডিয়ানস অ্যাসোসিয়েশনের ৩০ জন শিশু ভারত ও স্কটল্যান্ডের পতাকার নকশা করা ঘুড়ি উড়িয়ে প্রতীকীভাবে আমদাবাদ ২০৩০-এর যাত্রার সূচনা করে।

উক্ত অনুষ্ঠানে কমনওয়েলথ স্পোর্টের সভাপতি ড. ডোনাল্ড রুকারে, প্রধান নির্বাহী কেটি স্যাডলিয়ার, ভারতের কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি ঊষা, প্রধান নির্বাহী রঘুরাম আইয়ার, কমনওয়েলথ গেমস স্কটল্যান্ডের প্রধান নির্বাহী জন ডইগ এবং ক্রীড়াবিদ রুবেন ওয়ার্ড ও মুরালি শ্রীশঙ্কর উপস্থিত ছিলেন। ভারতের লং জাম্পের রৌপ্যজয়ী মুরালি শ্রীশঙ্কর বলেন, কমনওয়েলথ গেমস নিজের দেশে ফিরে আসায় তিনি অত্যন্ত রোমাঞ্চিত এবং ২০৩০ সালে পুরো বিশ্বকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ভারত প্রস্তুত। স্কটিশ জিমন্যাস্ট রুবেন ওয়ার্ড গ্লাসগো গেমসকে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে ভারতে অনুষ্ঠিতব্য পরবর্তী গেমসে অংশগ্রহণের আশা প্রকাশ করেন।

গ্লাসগোতে চালু করা ‘আমদাবাদ এক্সপেরিয়েন্স সেন্টার’-এ আগামী গেমসের সম্ভাব্য ভেন্যু, ক্রীড়া অবকাঠামো এবং গুজরাটের সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে, যা আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। আজ রোববার গ্লাসগো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে কমনওয়েলথ গেমসের পতাকা তুলে দেওয়া হবে। হ্যান্ডওভার পর্বে বলিউড অভিনেত্রী মানুষী ছিল্লার, সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন, সিদ্ধার্থ মহাদেবন, শিবম মহাদেবন ও ভূমি ত্রিবেদীর বর্ণিল পরিবেশনা থাকবে। এছাড়াও সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মা ও স্কটিশ পাইপার রস এইন্সলির যৌথ পরিবেশনা বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শতবর্ষের এই আসরকে ভারত ২০৩৬ অলিম্পিক আয়োজনের সক্ষমতা প্রমাণের একটি বড় মঞ্চ হিসেবে দেখছে। ২০৩০ গেমসে ১৫ থেকে ১৭টি খেলা রাখার পরিকল্পনার পাশাপাশি ক্রিকেট, হকি, শুটিং, তিরন্দাজি ও কাবাডির মতো জনপ্রিয় খেলাগুলো অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন