ভোজিনহার ডাকনামের অনুমতি দিল চিলির ফুটবল অ্যাসোসিয়েশন

প্রকাশ:

চিলির ক্লাব ফুটবলে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে চিলির পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফপি)। সংস্থাটি তাদের প্রচলিত নিয়ম ভেঙে কেপ ভার্দের ৪০ বছর বয়সি তারকা গোলকিপার ভোজিনহাকে (জোসিমার হোসে এভোরা দিয়াস) তার জার্সিতে ডাকনাম ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছে। চিলির প্রিমেরা ডিভিশন লিগের নিয়ম অনুযায়ী, ফুটবলাররা তাদের আসল নামের পরিবর্তে কোনো ডাকনাম বা ছদ্মনাম ব্যবহার করতে পারেন না। তবে কোলো কোলোতে যোগদানের ক্ষেত্রে ভোজিনহার অন্যতম শর্ত ছিল জার্সিতে তার জনপ্রিয় নাম ‘ভোজিনহা’ ব্যবহারের বিষয়টি। চিলির শীর্ষ ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে গত শুক্রবার পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে এই নিয়ম শিথিল করে।

ডাকনাম ব্যবহারের জটিলতা কাটলেও ভোজিনহার চিলিতে আসা নিয়ে নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে। এক সপ্তাহ আগে ক্লাব কোলো কোলো তাকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় এবং গত মঙ্গলবার তার সান্তিয়াগোতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় সেই সময় পিছিয়ে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়। তবে বৃহস্পতিবারও তিনি বিমানে না ওঠায় ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

পরিস্থিতি নিয়ে কোলো কোলোর ডিরেক্টর হেইমে পিসারো জানিয়েছেন, গোলকিপারের সঙ্গে চুক্তি বাতিল হয়নি। ব্যক্তিগত কিছু সমস্যা সমাধানের জন্য তিনি সময় চেয়েছেন। ক্লাবের সভাপতি আনিবাল মোসা স্বীকার করেছেন যে, চুক্তিপত্রে এখনো আনুষ্ঠানিকভাবে সই হয়নি। তবে দলটির কোচ ফের্নান্দো ওরতিজ আশাবাদী। তিনি জানান, ভোজিনহার সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং চিলির ফুটবল লিগে খেলতে আসার ব্যাপারে গোলকিপার অত্যন্ত রোমাঞ্চিত। দ্রুতই সব ঝামেলা মিটিয়ে তিনি দলে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন কোচ। বিশ্বকাপ মাতানো এই গোলকিপার নিজে অবশ্য বিষয়টি নিয়ে এখনো সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করেননি।

শেয়ার করুন