পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কায় সারাদেশে সর্বোচ্চ সতর্কতা

প্রকাশ:

দেশজুড়ে পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহনে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ ও বাসের মতো যানবাহনে হামলা চালাতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় দায়িত্ব পালনকালে এবং ডিউটি শেষে পার্কিং করা অবস্থায় যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে। এ সময় পুলিশের সদস্যদের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন আনঅ্যাটেন্ডেড বা অরক্ষিত অবস্থায় ফেলে রাখা যাবে না।

একইসঙ্গে ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন