সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে অবৈধ শুঁটকি মাছা ও নৌকা জব্দ

প্রকাশ:

সুন্দরবনের শেলারচর বনাঞ্চলে বনরক্ষীদের অভিযানে একটি অবৈধ শুঁটকি মাছা বা রিংঘর ধ্বংস করা হয়েছে। পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (৩১ জুলাই) নিয়মিত টহলকালে এই অভিযান চালানো হয়। অভিযানে কালামিয়া ও নারিকেলবাড়িয়া খালসংলগ্ন দুর্গম বনাঞ্চল থেকে মাছাটি শনাক্তের পর তা ভেঙে ফেলা হয়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শুঁটকি প্রস্তুতকারীরা বনের ভেতরে পালিয়ে যায়।

অভিযানের সময় মাছাটি থেকে দুই বস্তা শুঁটকি চিংড়ি, একটি জেলে নৌকা, দুটি টানা জাল ও একটি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই দিন বিকেলে সুন্দরবনের কোকিলমনি টহল ফাঁড়ির কবরখালী খালে পৃথক আরেকটি অভিযানে মাছ ধরারত চারটি জেলে নৌকা ও ১৫টি চর জাল জব্দ করেন বনরক্ষীরা। তবে বনরক্ষীদের দেখে ওই নৌকায় থাকা জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বর্তমানে সুন্দরবনে তিন মাসের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক শ্রেণির অসাধু জেলে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে শেলারচরের দুর্গম বনাঞ্চলে অবৈধভাবে শুঁটকি তৈরির মাছা নির্মাণ করে চিংড়ি শুঁটকি প্রস্তুত করছিল। বন বিভাগের অভিযানে মাছাটি ধ্বংস করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সুন্দরবনে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

শেয়ার করুন