এটিজেএফবি এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর ফাইনালে ইউএস-বাংলা এয়ারলাইনসকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শনিবার রাজধানীর গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এ সময় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে যাত্রীসেবা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকেও শীর্ষ অবস্থান ধরে রাখার আহ্বান জানান। মন্ত্রী বলেন, বিশ্বমানের এয়ারলাইনস হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ফাইনাল ম্যাচে দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শিরোপা জয়ের পর দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন। এর আগে দিনের দ্বিতীয় সেমিফাইনালে কাতার এয়ারওয়েজকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বিমান। সেই ম্যাচে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হন বিমানের খেলোয়াড় জাহাঙ্গীর। অন্য সেমিফাইনালে এয়ার ইন্ডিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যকার ম্যাচটি টাইব্রেকারে গড়ালে ইউএস-বাংলা জয়ী হয়। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এয়ার ইন্ডিয়া ১-০ গোলে কাতার এয়ারওয়েজকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। এছাড়াও টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন, কো-স্পন্সর ভিআইপি মোটরসসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট ডিরেক্টর ও এটিজেএফবির সাংগঠনিক সম্পাদক মো. আদনান রহমান জানান, এভিয়েশন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং জোরদার করাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। সব দল অত্যন্ত ইতিবাচক ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে খেলায় অংশ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।





