যেকোনো মূল্যে ইরান যুদ্ধে জিততে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রকাশ:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা আরও কঠোর ও জোরালোভাবে অব্যাহত থাকবে। মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন যে, ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো এই যুদ্ধে ‘জয়লাভ’ করা। তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।

ট্রাম্প বলেন, তারা কেবল জিততে চান এবং বর্তমানে ভালো অবস্থানে আছেন। তার দাবি, ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, বিষয়টির সমাধান খুবই সহজ, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ইরানের ওপর আক্রমণ এতটা কঠোরভাবে চালানো হবে যে একসময় তারা আর সহ্য করতে পারবে না।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের দাবি, দেশটি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে এবং তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন। ভিয়েতনাম ও আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, মাত্র পাঁচ মাসের অভিযানেই যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে। তেহরানের ওপর আস্থা কমে যাওয়ার কারণ হিসেবে তিনি তাদের মিথ্যা বলার প্রবণতার কথা উল্লেখ করেন।

ট্রাম্প জানান, বিশেষ দূত স্টিভ উইটকফের ফোনকলের জন্য অপেক্ষার সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাকে জানান যে, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরান পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক অভিযান চালাচ্ছে। এর প্রতিক্রিয়ায় তেহরান জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় দুদেশের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হলেও সাম্প্রতিক এসব হামলা ও পাল্টা হামলায় উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে।

শেয়ার করুন