আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে দুই মাসের চুক্তিতে অভিজ্ঞ জার্মান কোচ পিটার গেরহার্ডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে আজ ঢাকায় পৌঁছেছেন তিনি। এর আগেও বাংলাদেশ হকি দলের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেছিলেন এই কোচ। নতুন করে দায়িত্ব নেওয়ার পর গেরহার্ডের চোখে এখন বড় স্বপ্ন।
নিজের অভিজ্ঞতা ও পরিকল্পনা নিয়ে গেরহার্ড বলেন, বাংলাদেশের খেলোয়াড়রা আমার কাছে পরিচিত। আমি জানি, তাদের কিভাবে ব্যবহার করতে হবে। আশা করি এশিয়ান গেমসে আমরা প্রত্যাশানুযায়ীই খেলতে পারব। তিনি মনে করেন, গত টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ দল যে সাফল্য পেয়েছে, বর্তমানে তারা তার চেয়েও ভালো অবস্থানে রয়েছে।
দলকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার জানিয়ে জার্মান এই কোচ বলেন, আমাদের এই পরিস্থিতিকে আরো উন্নত করতে হবে এবং আমরা সেটা নিয়েই কাজ করব। আগামী সপ্তাহগুলোতে খেলোয়াড়দের অনেক কঠিন সময় পার করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে; তবে শেষে তারা এর ভালো ফল ভোগ করতে পারবে।
বাংলাদেশ হকির সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে তিনি হকি ফেডারেশনের কর্মকর্তাদের প্রতি শুভকামনা জানান। এ প্রসঙ্গে গেরহার্ড বলেন, আমি প্রিন্সকে (আরিফুল হক প্রিন্স) অনেক লম্বা সময় ধরে চিনি, আর ইশতিয়াক (নতুন সাধারণ সম্পাদক) হলো সাদেকের ছেলে। আমি আশা করি, এই দুজন খুব ভালো মানুষ এবং দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন।





