ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ডিএনসিসি

প্রকাশ:

রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগম নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শুক্রবার নিহতের মরদেহ দেখতে গিয়ে তিনি ঘোষণা দেন যে, এখন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, যেসব অদক্ষ চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর সেবা নিশ্চিত করতে দিন-রাত পরিশ্রম করা পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আইন মেনে গাড়ি চালানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ডিএনসিসি প্রশাসক ঘোষণা করেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিবারটিকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে। তিনি আরও বলেন, ডিএনসিসি সবসময় পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে কাজ করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ডিএনসিসির কোনো গাড়ি অদক্ষ চালক বা হেল্পার দ্বারা পরিচালিত হচ্ছে কি না, তা তদন্ত করে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানা মতে, ডিএনসিসির কোনো গাড়ি হেল্পার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।

দুর্ঘটনার খবর পাওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসি প্রশাসক নিহতের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবীরসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন