আগস্টের শেষেই মালয়েশিয়ায় শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী পাঠানো

প্রকাশ:

দীর্ঘদিনের জটিলতা এবং স্থগিতাদেশ কাটিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রফতানি পুনরায় শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ মালয়েশিয়ায় যাত্রা শুরু করবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মাহদী আমিন স্পষ্ট করেছেন যে, অতীতে সিন্ডিকেট বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোনো রিক্রুটিং এজেন্সি নতুন তালিকায় স্থান পাবে না। তিনি বলেন, যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং সিন্ডিকেটের অংশ হিসেবে কাজ করেছিল, তাদের কাউকেই নতুন তালিকায় রাখা হবে না। মালয়েশিয়ার কর্তৃপক্ষ খুব অল্প সময়ের মধ্যেই এই বিষয়টি নিশ্চিত করবে।

বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশই দ্রুত শ্রমবাজার চালুর বিষয়ে একমত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি আরও বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যত দ্রুত সম্ভব বাংলাদেশের জনশক্তির জন্য মালয়েশিয়ার বাজার উন্মুক্ত করা হবে। এছাড়া, সব সেক্টর ও সাব-সেক্টরেই বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ থাকবে।

শেয়ার করুন