লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালী এবং এডেন উপসাগরের নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশ নিয়ে একটি নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। গত ৩০ জুলাই বৃহস্পতিবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই বহুজাতিক জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, সম্মিলিত সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে এই জোট প্রতিষ্ঠা করা হয়েছে। জোটের স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরোস। তবে একই ধরনের নিরাপত্তা ঝুঁকিতে থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই জোটে যোগ দেয়নি।
জোটভুক্ত দেশগুলো এই কৌশলগত পানিপথ দিয়ে নৌচলাচলের স্বাধীনতা রক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ পথ সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে। উল্লেখ্য যে, বাব আল-মানদেব, লোহিত সাগর ও এডেন উপসাগরীয় এলাকাটি ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এই প্রণালী দিয়ে পরিচালিত হয় এবং প্রতিদিন এখান দিয়ে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছি যোদ্ধাদের দ্বারা এই নৌপথ বারবার আক্রমণের শিকার হওয়ায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। জোট গঠনের লক্ষ্যে আয়োজিত বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলও সেখানে উপস্থিত ছিলেন। তবে লোহিত সাগরে বর্তমানে সক্রিয় ইউরোপীয় ইউনিয়নের ‘অ্যাসপিডেস’ নামক নৌ-সুরক্ষা মিশনের তুলনায় সৌদি নেতৃত্বাধীন এই জোটের কার্যক্রম কীভাবে ভিন্ন হবে, তা এখনো স্পষ্ট নয়।





