লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং গালফ অব এডেনে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন বহুজাতিক সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এই জোটে বাংলাদেশের পাশাপাশি সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস অন্তর্ভুক্ত রয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, জোটের সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা তৈরি, যৌথ সামরিক মহড়া এবং প্রয়োজন অনুযায়ী সমুদ্রে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে একমত হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, এই জোটটি মূলত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে গঠিত এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে তৈরি করা হয়নি। এছাড়া, ভবিষ্যতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে অন্য দেশগুলোও এই জোটে যোগ দিতে পারবে।
বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই অঞ্চলের নিরাপত্তা বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোটের সদর দপ্তর সৌদি আরবে স্থাপন করা হবে বলে জানানো হলেও, সদস্য দেশগুলোর সামরিক অবদান কিংবা যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েনের বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।





