ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি। ৬৬ বছর বয়সে তাঁর মৃত্যুর বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তাঁর দীর্ঘদিনের ক্লাব এসি মিলান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তায় এসি মিলান জানিয়েছে, ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে পুরো ক্লাব অশ্রুসিক্ত। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, বারেসির আদর্শ ও সততা এসি মিলানের ডিএনএতে চিরকাল খোদাই করা থাকবে। তাঁর ঐতিহ্যবাহী ৬ নম্বর জার্সিটি যেভাবে অমর হয়ে আছে, তিনিও ভক্তদের হৃদয়ে সেভাবেই বেঁচে থাকবেন।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত বারেসি ১৯৮২ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেন। এছাড়া আশির ও নব্বইয়ের দশকে এসি মিলানের জার্সিতে তিনি তিনটি ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ এবং ছয়টি ইতালিয়ান লিগ শিরোপা জয়ের স্বাদ পান।





