গাজায় যুদ্ধবিরতির রোডম্যাপে হামাসের সম্মতি: ধাপে ধাপে সেনা প্রত্যাহারের সম্ভাবনা

প্রকাশ:

গাজায় চলমান যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাবিত এই পরিকল্পনা অনুযায়ী, গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে প্রত্যাহার করা হবে এবং একই সঙ্গে হামাসের নিরস্ত্রীকরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। তবে এই পুরো প্রক্রিয়াটি বাস্তবায়ন নিয়ে এখনও কূটনৈতিক চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা রয়ে গেছে।

গাজার যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও প্রশাসনিক রূপান্তরের তদারকিতে থাকা ‘বোর্ড অব পিস’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলোর বিস্তারিত রোডম্যাপে হামাস আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে। সংস্থাটির দাবি অনুযায়ী, ইতিহাসে প্রথমবারের মতো হামাস অস্ত্র সমর্পণের একটি কাঠামোগত পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

বোর্ড অব পিস আরও জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমন্বিত শান্তি পরিকল্পনার ওপর ভিত্তি করে এই সমঝোতা হয়েছে। কয়েক মাসের দীর্ঘ আলোচনার মাধ্যমে গাজার নতুন শাসনব্যবস্থা, নিরাপত্তা, মানবিক সহায়তা, পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এই কাঠামো তৈরি করা হয়েছে।

পরিকল্পনাটি নিয়ে এখনও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সংশয় বিদ্যমান। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই চুক্তির বাস্তবায়ন মূলত ইসরায়েলের সেনা প্রত্যাহারের ওপর নির্ভর করছে। অন্যদিকে, ইসরায়েল এই প্রস্তাবিত কাঠামো নিয়ে সংশয় প্রকাশ করেছে এবং তাদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। ফলে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

শেয়ার করুন