বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরের আগ্রহ আমিরাতের প্রেসিডেন্টের

প্রকাশ:

ইরানের হামলার ঘটনার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার ঢাকাস্থ ইউএই দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে আমিরাতের প্রেসিডেন্ট এই কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চিঠিতে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। আমিরাতের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে, এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।

শেয়ার করুন