নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত নাসিকের ২০তম সভায় এই বাজেট ঘোষণা করেন কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এবারের বাজেটের আকার ৩৫৬ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ১৯০ টাকা বেশি। গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৭০৪ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩২২ টাকা।
বাজেট ঘোষণাকালে প্রশাসক জানান, ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা। এর ফলে বছর শেষে ১৩০ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে। নতুন বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ২০১ টাকা। প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, নতুন করে কোনো কর আরোপ করা হচ্ছে না। বরং বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবস্থাপনা, নতুন রাজস্ব উৎস চিহ্নিতকরণ এবং করের আওতা ও পরিধি বাড়িয়ে আয় বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এছাড়া ছাদবাগান স্থাপনকারীরা বিদ্যমান ২৭ শতাংশ কর ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ২ শতাংশ কর ছাড়ের সুবিধা পাবেন।
বাজেট ঘোষণার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সিটি কর্পোরেশনের এলাকার উন্নয়নের জন্য তিনি কাজ করছেন। ইতিপূর্বে প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে ১৪ কোটি টাকার থোক বরাদ্দ দিয়েছেন। তিনি জানান, গত অর্থবছরে অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও গণপরিসর উন্নয়নের জন্য বরাদ্দকৃত ১৮ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৪৯৩ টাকা ব্যয় না হওয়ায় নাগরিকরা সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। নতুন অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়িয়ে ৮২ কোটি টাকা করা হয়েছে।
নগরীর অবকাঠামো ও সেবামূলক কাজের বিষয়ে সাখাওয়াত হোসেন খান জানান, ৫৭ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ২৭টি ওয়ার্ডে আরসিসি ড্রেন, সড়ক নির্মাণ, পুকুর সৌন্দর্যবর্ধন ও পানি সরবরাহের পাইপলাইন স্থাপনের জন্য ৮০টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া যানজট নিরসনে ২ নম্বর রেলগেট থেকে চাষাড়া পর্যন্ত বিকল্প বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাইকা সহায়তাপুষ্ট প্রকল্পের আওতায় ১০টি উপ-প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার মধ্যে ড্রেন নির্মাণ, কমিউনিটি সেন্টার, স্যানিটারি ল্যান্ডফিল ও খেলার মাঠের উন্নয়ন অন্তর্ভুক্ত। পানির সংকট মোকাবেলায় ৩০টি গভীর নলকূপ ও ৫৪টি পাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে জালকুড়িতে ৫৩ কোটি টাকা ব্যয়ে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ এবং কদমরসুল এলাকায় ৭০ একর জমি অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে। এছাড়া মহাপরিকল্পনায় পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে বাস-ট্রাক টার্মিনাল, মাল্টিমোডাল হাব, নাগরিক সেবার অটোমেশন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ৩০টি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপনের পরিকল্পনা রয়েছে। বাজেট সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি বিবি রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক থেকে হকার অপসারণ ও পুনর্বাসনের কার্যক্রমও অব্যাহত রয়েছে।জাইকা সহায়তাপুষ্ট Urban Development and City Governance Project-এর আওতায় নাসিকে ১০টি উপ-প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এছাড়া বৈদেশিক সহায়তায় ২০ কিলোমিটার ট্রান্সমিশন লাইন, ২৮০ কিলোমিটার বিতরণ পাইপলাইন, ১৪টি ডিস্ট্রিক্ট মিটার্ড এরিয়া (ডিএমএ), ৩৫ হাজার হোল্ডিংয়ে স্মার্ট মিটারসহ পানি সংযোগ এবং ৩৫ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে।পানির সংকট মোকাবেলায় ৩০টি গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।





