মাথা উঁচু করে বিশ্বকাপ থেকে বিদায় নিল কেপ ভার্দে

প্রকাশ:

বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই অদম্য লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে শেষ পর্যন্ত ৩-২ গোলে পরাজিত হলেও, মাঠ থেকে তারা ফিরেছে মাথা উঁচু করেই। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার সময় অগণিত ফুটবলপ্রেমীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে ফিরেছে দলটি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কোচ বুবিস্তা বলেন, ড্রেসিং রুমের পরিবেশ এখন বিষাদময়। আমরা প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি বলে কষ্ট পাচ্ছি, কারণ জয়ের খুব কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছিলাম। খেলোয়াড়দের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য উল্লেখ করে তিনি বলেন, এটি তাদের বিকাশের একটি অংশ। এই অভিজ্ঞতা তাদের আরও শক্তিশালী করে তুলবে এবং প্রমাণ করে যে এই দলের ভেতরে প্রাণ আছে।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছিল কেপ ভার্দে। বুবিস্তা তার শিষ্যদের প্রশংসায় ভাসিয়ে বলেন, ছেলেরা মর্যাদা ও সাহসের সঙ্গে লড়াই করেছে। আর্জেন্টিনা তাদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রমাণ দিয়েছে, আর আমার দলও দেখিয়েছে যে তারা এই লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত ছিল। অতিরিক্ত সময়ে ম্যাচ নিয়ে যাওয়া এবং আর্জেন্টিনার জালে দুই গোল দেওয়া তাদের মানসিক শক্তিরই বহিঃপ্রকাশ।

মাঠের ফলাফলের চেয়েও বড় লক্ষ্য ছিল নিজেদের দেশকে বিশ্বের সামনে তুলে ধরা। কোচ বুবিস্তার মতে, সেই লক্ষ্য পূরণ হয়েছে। তিনি বলেন, আমরা শুধু খেলতে আসিনি, পুরো টুর্নামেন্টজুড়ে ইতিবাচক ফুটবল খেলে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে সমানতালে লড়াই করেছি। সততার সঙ্গে খেলে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়েছে আমার দল। এই খেলোয়াড়দের ধন্যবাদ জানানো উচিত, কারণ তারা দেখিয়েছে আমাদের ছোট্ট দেশটি আসলে কীসের প্রতিনিধিত্ব করে।

শেয়ার করুন