যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

প্রকাশ:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা ভাটা পড়েছে। মধ্যপ্রাচ্যের রুট দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বর্তমানে স্বাভাবিক থাকায় সরবরাহ ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ১টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা ০ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

এর আগের কার্যদিবসে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা গিয়েছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পায়, যা চলমান সংঘাতের প্রেক্ষাপটে অন্যতম বড় মূল্যবৃদ্ধির ঘটনা। তবে এর আগে মঙ্গলবার পাঁচ মাস ধরে চলা সংঘাতের মধ্যে সাময়িক বিরতির কারণে তেলের দাম প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছিল।

এদিকে, গত ২৯ জুলাই বুধবার মার্কিন সময় রাত ৮টায় ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, এই হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শেয়ার করুন