ভূমিকম্প মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার

প্রকাশ:

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়াদান ও দুর্যোগ মোকাবিলায় ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে সরকার। গত বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়েছে, ভূমিকম্পের সময় দ্রুত উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম পরিচালনার জন্য এই স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে। বর্তমানে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডাটাবেজ প্রস্তুত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবককে এই তালিকায় যুক্ত করা হবে।

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে একটি টাস্কফোর্স গঠনের বিষয়টিও আলোচনায় এসেছে। এছাড়া সম্ভাব্য দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং ঢাকায় একটি মানবিক সহায়তা সমন্বয় কেন্দ্র (এইচএসএ) প্রতিষ্ঠার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন সভার সিদ্ধান্তের বিষয়গুলো গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন