সাম্প্রতিক সময়ে দেশে যে গ্যাস সংকট দেখা দিয়েছে, তা আগামী সপ্তাহ থেকে কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশার কথা শোনান। প্রতিমন্ত্রী আরও জানান, আগামী সপ্তাহের পরবর্তী সপ্তাহ থেকে সংকট পুরোপুরি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, একটি এফএসআরইউ (ভাসমান টার্মিনাল)-তে বয়লার বিস্ফোরণের ঘটনার কারণে বর্তমানে গ্যাস সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলে সৃষ্ট সংকটের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে ভাসমান দুটি টার্মিনালের মধ্যে একটি বন্ধ থাকায় আমদানিকৃত গ্যাসের পরিমাণ অর্ধেক কমে গেছে, যা আবাসিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
গ্যাসের চাহিদা ও সরবরাহের তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশে দৈনিক ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে বর্তমানে ২৭০ কোটি ঘনফুট সরবরাহ করা সম্ভব হচ্ছে। এর মধ্যে ১৬০ কোটি ঘনফুট গ্যাস দেশে উত্তোলিত হয় এবং বাকি ১১৫ কোটি ঘনফুট আমদানি করা হয়।
দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ভোলার স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত গ্যাস এলএনজিতে রূপান্তর করে দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটি বাস্তবায়নে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।





