জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা এবং অন্যান্য বিভিন্ন অভিযোগে সাবেক দুই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম মানবজমিনকে নিশ্চিত করেছেন যে, এই অভিযোগগুলো ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পাঠানো হবে। তদন্ত সংস্থা অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
একই দিনে হাইকোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিয়ন্ত্রণ নেয়ার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং তিনি এর দায় এড়াতে পারেন না। শিশির মনির আরও দাবি করেন, আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রেসিডেন্টের কোনো ধরনের দায়মুক্তির সুযোগ নেই।
হাইকোর্টে দাখিল করা একটি তদন্ত প্রতিবেদনের তথ্য উল্লেখ করে অ্যাডভোকেট শিশির মনির জানান, জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ গ্রহণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় মো. সাহাবুদ্দিনের সক্রিয় ভূমিকার বিষয়টি উঠে এসেছে।





