পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শুধু ইনসাফ বা কল্যাণের বুলি আওড়ালেই হবে না, রাজনৈতিক দলগুলোর প্রতিটি কর্মকাণ্ড জনগণের কাছে জবাবদিহিতার আওতায় থাকতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, ইনসাফের কথা বলে কোনো ধরনের অপকর্ম ঢেকে রাখা সম্ভব নয়। রোববার (২৭ জুলাই) লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মী ও আইনজীবীরা অংশ নেন।
সংসদীয় কার্যক্রমের প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, প্রথম অধিবেশন থেকেই বিরোধী দলকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছিল। বর্তমানে দ্বিতীয় অধিবেশন চলছে এবং তারা দেশের নানা স্থানে সভা-সমাবেশ করছেন। তবে দেশপ্রেম, রাজনৈতিক পরিপক্বতা এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যেভাবে তুলে ধরার প্রয়োজন ছিল, সে বিষয়ে তিনি আশাবাদী নন বলে উল্লেখ করেন।
দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে নতুন করে কিছু বলার অবকাশ নেই। তবে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যাতে সাধারণ মানুষ কষ্ট পায় বা আহত হয়।





