দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা থেকে জাপানের নারিতা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত রোববার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে বিজি-৩৭৬ ফ্লাইটটি ঢাকা থেকে জাপানের উদ্দেশে যাত্রা করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গত বছরের ১ জুলাই এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় এক বছর পর রুটটি পুনরায় চালু হলো।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, আজকের এই ফ্লাইট আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবার রুটটি লাভজনক হবে এবং ইতোমধ্যে ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিং সম্পন্ন হয়েছে। মন্ত্রী আরও বলেন, এই সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের অর্থনৈতিক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত অনুষ্ঠানে জানান, জাপানে অবস্থানরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই ফ্লাইট চালু করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে চাহিদার কথা মাথায় রেখে শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে যাতে এ রুটে ফ্লাইট চলাচল নিরবচ্ছিন্ন থাকে।
প্রতিমন্ত্রী এ সময় ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করেন। তিনি বলেন, সেই সময়ে উড়োজাহাজের স্বল্পতা থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক জোরদারে জিয়াউর রহমান ঢাকা-নারিতা ফ্লাইট চালু করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের শুভ উদ্বোধন করেন। সরকার আশা করছে, এই রুটে পুনরায় ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে।



