বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর, জয় ফিলিস্তিনিদের উৎসর্গ করলেন কোচ

প্রকাশ:

২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছে মিশর। শুক্রবার দিবাগত রাত ১২টায় রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর পুরো দেশজুড়ে আনন্দের জোয়ার বয়ে যায়। মিশরের প্রধান কোচ হোসাম হাসান এই ঐতিহাসিক অর্জন কেবল নিজ দেশের জনগণের জন্যই নয়, ফিলিস্তিনের জনগণের প্রতিও উৎসর্গ করেছেন।

বেইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে হোসাম হাসান বলেন, এই জয় আমি মিশরের পাশাপাশি ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করছি, কারণ তারা সবসময় আমাদের সমর্থন যুগিয়েছেন। গাজার ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটের মধ্যেও পুরো বিশ্বকাপজুড়ে মিশরের ম্যাচ দেখেছেন এবং দলকে উৎসাহ দিয়ে গেছেন। মরক্কোর পর দ্বিতীয় আরব দেশ হিসেবে এবারের বিশ্বকাপে মিশর শেষ ষোলোতে জায়গা করে নিল। এর আগে মরক্কো নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে একই কৃতিত্ব অর্জন করেছিল।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে ওঠার এই অসাধারণ অর্জন প্রমাণ করে যে, নিজের সামর্থ্যে বিশ্বাস, দলগত ঐক্য এবং জয়ের দৃঢ় সংকল্পই বড় সাফল্যের চাবিকাঠি। এছাড়া প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলিও খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন।

এই জয় উদযাপনে কায়রোর নিউ কায়রো, নতুন প্রশাসনিক রাজধানী ও গিজাসহ দেশের বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও উৎসব হয়েছে। আলেকজান্দ্রিয়া, মাতরুহ, গারবিয়া, মনুফিয়া, বেহেইরা এবং আপার ইজিপ্টের বিভিন্ন এলাকাতেও ভক্তরা রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেছেন। গিজার বিখ্যাত পিরামিডও এই উপলক্ষে লাল আলোয় আলোকিত করা হয়।

সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। মোহাম্মদ এল-আলফি নামের এক সমর্থক বলেন, আলহামদুলিল্লাহ, আমরা শেষ ষোলোয় উঠেছি, এখন মেসির অপেক্ষায় আছি। হাসান জালাল নামে আরেক সমর্থক জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিয়ে তার দৃঢ় বিশ্বাস ছিল এবং এবার আর্জেন্টিনার বিপক্ষেও জয়ের আশা করছেন তিনি। মারিনা আশরাফ নামের এক সমর্থক শুরুতে কিছুটা উদ্বিগ্ন থাকলেও দলের পারফরম্যান্সে পুরো জাতি গর্বিত বলে মন্তব্য করেন। এছাড়া তারেক সালাহ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়কে নিজের জীবনের সেরা ম্যাচ হিসেবে উল্লেখ করেছেন।

শেয়ার করুন