যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা বর্তমানে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত নয়। তিনি স্পষ্ট করে বলেছেন যে, সত্যিকার অর্থে দেশটি এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে তিনি উল্লেখ করেন, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতিতে অনেক অগ্রগতি সাধিত হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, সাত মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন। এরপর থেকে মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দেশটির দায়িত্ব পালন করছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওয়াশিংটনের সম্মতির ভিত্তিতেই রদ্রিগেজ ক্ষমতায় টিকে আছেন এবং ট্রাম্প তার কাজের প্রশংসা করে তাকে ‘অসাধারণ’ হিসেবে অভিহিত করেছেন।
ভেনেজুয়েলায় নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প বলেন, সবকিছু সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং নির্বাচন সময়মতো নিজ গতিতেই অনুষ্ঠিত হবে। নিজেকে ভেনেজুয়েলায় অত্যন্ত জনপ্রিয় দাবি করে ট্রাম্প বলেন, দেশটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনার মাধ্যমেই আমরা তাদের দুরবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করছি।
সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময়ও যুক্তরাষ্ট্র দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সহায়তার আশ্বাস দিয়েছিল। বর্তমানে দেশটি থেকে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে তেল আমদানি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





