বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন, সপরিবারে ফিরলেন গুলশানের বাসভবনে

প্রকাশ:

সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন আজ রোববার দুপুর ২টা ২৪ মিনিটে সপরিবারে বঙ্গভবন ত্যাগ করেছেন। তিনি রাজধানীর গুলশানে অবস্থিত তার নিজ বাসভবনে ফিরে গেছেন। আইন অনুযায়ী, বিদায়ী প্রেসিডেন্ট দায়িত্ব ছাড়ার পর চাইলে আরও এক মাস বঙ্গভবনে অবস্থান করতে পারেন। তবে পদত্যাগের পরপরই মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি শুরু করেন। কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে স্থানান্তর করা হচ্ছিল। এছাড়া ওই বাসভবনের পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সংস্কারকাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে গত শুক্রবার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। নিজের পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন যে, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। সম্প্রতি বাইপাস সার্জারি হওয়ার পর তিনি ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক জটিল রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

শেয়ার করুন