যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় চলমান বিপজ্জনক তাপপ্রবাহের কারণে দেশটির স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদ্যাপনের কর্মসূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। প্রচণ্ড গরমের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন স্থানে ডজনখানেক শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী বাতিল কিংবা স্থগিত করতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ শুক্রবার বিকেলে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অন্যতম প্রধান এ মেলায় তাপমাত্রা তখন ১০১ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। একই সঙ্গে ন্যাশনাল পার্ক সার্ভিস নিরাপত্তাজনিত কারণে ওয়াশিংটনের স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বাতিলের ঘোষণা দেয়। এছাড়া ফিলাডেলফিয়াতেও প্রচণ্ড গরমের কারণে ‘স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স প্যারেড’ বাতিল করা হয়েছে, যেখানে বৃহস্পতিবার তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছিল, যা ১৯০১ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের সমান।
নিউ জার্সির হ্যাডন টাউনশিপ তাদের প্যারেড বাতিল করেছে এবং নিউ ইয়র্কের ওয়াটারটাউন শহর কনসার্ট ও আতশবাজি প্রদর্শনী স্থগিত করেছে। বোস্টনে নদীর পাড়ে আয়োজিত বার্ষিক আতশবাজি উৎসবের সময়ও ৪ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানে তীব্র গরমে রাস্তায় চলাচলের সময় অনেকের জুতার তলা নরম হয়ে সড়কে আটকে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এদিকে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে প্রচণ্ড গরম উপেক্ষা করেই পপ তারকা টেইলর সুইফট ও ফুটবল তারকা ট্রাভিস কেলসির ভক্তদের ভিড় করতে দেখা গেছে।
‘হিট ডোম’ নামে পরিচিত একটি উচ্চ চাপবলয়ের কারণে এই রেকর্ড তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে, যা উত্তপ্ত বায়ুকে কোনো নির্দিষ্ট অঞ্চলে আটকে রাখে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি, অর্থাৎ ১৮ কোটি ৫০ লাখের বেশি মানুষ তাপপ্রবাহের সতর্কতার আওতায় রয়েছেন। কিছু এলাকায় হিট ইনডেক্স ১১৫ ডিগ্রি ফারেনহাইট বা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তীব্র গরমে বিদ্যুৎ সরবরাহব্যবস্থাতেও ব্যাপক চাপ পড়েছে। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ গ্রিড অপারেটর পিজেএম প্রায় ৬ কোটি ৭০ লাখ গ্রাহককে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ দিয়েছে। এছাড়া নিউ ইয়র্কের কন এডিসন জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। আবহাওয়া অধিদপ্তর ও সরকারি কর্মকর্তারা নাগরিকদের পর্যাপ্ত পানি পান করা, ছায়াযুক্ত স্থানে থাকা এবং বিভিন্ন সমাবেশ ও জনসমাগমে হিটস্ট্রোক বা গরমজনিত অসুস্থতার লক্ষণ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ৪ জুলাই স্বাধীনতা দিবসের ছুটিতে মার্কিন নাগরিকেরা সাধারণত বারবিকিউ, শোভাযাত্রা ও আতশবাজির মাধ্যমে ১৭৭৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণা উদ্যাপন করেন।



