ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের একটি খাল থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে ভবনগর গ্রামের ভাওনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় লোকজন রাস্তার ব্রিজের নিচে পানির মধ্যে মরদেহটি ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে তারা পুলিশকে খবর দেন। পরে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।





