বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশ:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে অফিস করবেন বঙ্গভবনে। তবে তার আবাসস্থল হিসেবে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনই নির্ধারিত থাকবে। আজ শনিবার (২৫ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার বিকেল থেকেই সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বের অংশ হিসেবে আগামী রোববার সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন তিনি।

সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়। এ বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আজ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব হবে। তিনি বলেন, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে, তাই বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ১৫ জুলাই থেকে পরবর্তী ৬০ দিনের মধ্যে সাংবিধানিক নিয়ম অনুযায়ী অধিবেশন হওয়ার কথা রয়েছে এবং তাতেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন