সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী দেশজুড়ে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) মাগুরা পুলিশ লাইন্সে এই আয়োজন করা হয়।
মাগুরার পুলিশ সুপারের দায়িত্বে থাকা মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মাগুরা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এরপর শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত সকলকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। মাগুরা জেলা পুলিশ ও গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।





